পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, শান্তি চায় বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক :

2 Min Read

ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তেহরানে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আক্রমণে নামছে ইরান। সর্বশেষ এই সংঘাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিব ও হাইফাসহ একাধিক শহরে আঘাত হেনেছে। তেল আবিবে কমপক্ষে তিনজন নিহত এবং হাইফায় একটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১২, দ্য জেরুজালেম পোস্ট এবং ওয়াইনেট নিউজ জানিয়েছে, ইরানের হামলায় মধ্য ইসরায়েলেও প্রাণহানির ঘটনা ঘটেছে। হাইফায় বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ও আগুনের খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই স্থানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতের ভিডিও প্রমাণ পাওয়া গেছে।

রোববার রাতে ইরান আরও ব্যাপকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলও মধ্য ও পশ্চিম ইরানের একাধিক সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালায়।

ইসরায়েলের টানা হামলায় গত শুক্রবার থেকে ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। নিহতদের মধ্যে অন্তত ৭০ জন নারী ও শিশু। সর্বশেষ হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান ও আরও দুই জেনারেল প্রাণ হারান।

চলমান এই সহিংসতার মধ্যে শান্তির আহ্বান জানাচ্ছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন, ইসরায়েল ও ইরান শান্তিচুক্তিতে পৌঁছাবে এবং যুদ্ধ বন্ধ হবে। তবে তিনি আবারও ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাল্টা হামলার বিষয়ে বলেন, “ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করে, তবে আমরাও প্রতিশোধের পথ থেকে সরে আসব।”

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানসহ বিশ্বের বহু নেতা দ্বন্দ্ব নিরসনে সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *