পোশাক খাতের প্রতিযোগিতা ধরে রাখতে নীতি সহায়তা চায় বিজিএমইএ

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। ছবি: বিজিএমইএ

দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান শক্তিশালী রাখতে সরকারের কাছে নীতি সহায়তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ দাবি তুলে ধরে। বৈঠকে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পোশাক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দেশে গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি কাঁচামালের দাম বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় শিল্পের ওপর চাপ আরও বাড়ছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে ব্যবসাবান্ধব নীতিমালা অপরিহার্য।

বৈঠকে আরএমজি সাসটেইনেবল কাউন্সিল (আরএসসি)-এর কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বিজিএমইএ জানায়, ভবন, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা তদারকির মধ্যে আরএসসির ভূমিকা সীমিত রাখা উচিত। শ্রমসংক্রান্ত বিষয়গুলো এ সংস্থার আওতায় আনলে শিল্পে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

এ সময় শিল্পের উন্নয়নে কয়েকটি প্রস্তাব তুলে ধরে বিজিএমইএ। এর মধ্যে রয়েছে—আমদানি ও বন্ড নীতি সহজীকরণ, কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা, বন্ডেড ও নন-বন্ডেড প্রতিষ্ঠানের মধ্যে পণ্য সরবরাহে বিধিনিষেধ শিথিল এবং সংশ্লিষ্ট নীতিমালা দ্রুত সংশোধন।

এছাড়া রপ্তানি প্রণোদনায় আয়কর কর্তন প্রত্যাহার, ভারতের সঙ্গে বাণিজ্য স্বাভাবিক করা এবং স্থলবন্দর ব্যবহারে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শিল্প খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস হিসেবে তৈরি পোশাক খাতের সমস্যাগুলো সমাধানে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

বৈঠকে বিজিএমইএ’র অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *