ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি কয়েকটি গণমাধ্যমকে এ সময়সীমার ইঙ্গিত দেন।
ইসির এই সদস্য জানান, ৮ থেকে ১২ ফেব্রুয়ারি এই সময়ের মধ্যেই ভোটগ্রহণ আয়োজন করা সম্ভব। তার ভাষায়, ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে বা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো একটি সময় নির্বাচন ও গণভোট হতে পারে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দু-তিন দিনের ব্যবধানে কিংবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।
ইসি আরও জানায়, যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে, তাই ভোটগ্রহণের সময় ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার চিন্তা চলছে। গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়ও বিবেচনায় রয়েছে।
আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রস্তাব অনুযায়ী এটি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করার বিষয়টি আলোচনা হচ্ছে। এটি কার্যকর হলে ভোটারদের চাপ কিছুটা কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
চূড়ান্ত সময়সূচি নির্বাচন কমিশনের পরবর্তী সভায় নির্ধারিত হবে।
