বাংলাদেশে প্রথমবারের মতো চালু হচ্ছে গুগল পে, অংশীদার সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল ওয়ালেট’, যা ‘গুগল পে’ নামেই বিশ্বব্যাপী অধিক পরিচিত। এ সেবা আনতে গুগলের সঙ্গে যৌথভাবে কাজ করছে বেসরকারি খাতের সিটি ব্যাংক।

আগামীকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইতোমধ্যে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে সিটি ব্যাংক।

তবে উদ্বোধনের পরপরই গ্রাহকরা এই সেবা ব্যবহার করতে পারবেন কি না, সে বিষয়ে সিটি ব্যাংকের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত ঘোষণা উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হবে।

বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যাপভিত্তিক এই লেনদেন সেবা গুগল পে ব্যবহারকারীদের জন্য দ্রুত, নিরাপদ ও কার্ডবিহীন পেমেন্টের সুবিধা দেয়। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই এ সেবা চালুর অনুমোদন দিয়েছে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা ভিসা ও মাস্টারকার্ড সমর্থিত কার্ডগুলো গুগল ওয়ালেট অ্যাপে যুক্ত করে দেশ-বিদেশে লেনদেন করতে পারবেন। এতে ‘ট্যাপ অ্যান্ড গো’ পদ্ধতিতে সংযোগবিহীন POS (পয়েন্ট অব সেল) টার্মিনালের মাধ্যমে দ্রুত অর্থ পরিশোধ করা যাবে।

যদিও সেবা চালুর প্রথম ধাপে কোন কোন ধরনের লেনদেন বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে, তা উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হবে বলে সিটি ব্যাংক সূত্রে জানা গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল পে চালু হওয়ায় দেশের ডিজিটাল লেনদেনের খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং কনট্যাক্টলেস অর্থ পরিশোধে গ্রাহকদের আগ্রহ বাড়বে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *