বারবার সময়সূচি বদল, রাকসু ভোট শেষ পর্যন্ত ২৫ সেপ্টেম্বর

সজল মাহমুদ, রাজশাহী :

2 Min Read

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল চতুর্থবারের মতো পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর হওয়ায় ওই দিন ভোটগ্রহণ উপযুক্ত হবে না। তাই পূর্বঘোষিত ২৮ সেপ্টেম্বরের পরিবর্তে ২৫ সেপ্টেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে কমিশন প্রধান ২৮ সেপ্টেম্বর ভোটের তারিখ ঘোষণা করেছিলেন। তবে সেদিন মহাষষ্ঠী হওয়ায় হিন্দু শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। শিক্ষার্থীদের সমালোচনার পর রাতেই কমিশনের জরুরি বৈঠকে ভোটের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত হয়।

নতুন তফসিল

  • মনোনয়নপত্র বিতরণ: ২৪ আগস্ট–৩১ আগস্ট

  • মনোনয়নপত্র দাখিল: ১–৪ সেপ্টেম্বর

  • মনোনয়নপত্র বাছাই: ৬–৭ সেপ্টেম্বর

  • প্রাথমিক তালিকা প্রকাশ: ৯ সেপ্টেম্বর

  • আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি: ৯ সেপ্টেম্বর

  • মনোনয়নপত্র প্রত্যাহার: ১০ সেপ্টেম্বর

  • চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১১ সেপ্টেম্বর

  • ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ: ২৫ সেপ্টেম্বর (একাডেমিক ভবনে)

প্রথমে ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও কয়েক দফায় সময়সূচি পরিবর্তনের পর এবার তা কিছুটা এগিয়ে আনা হলো।

এদিকে মনোনয়নপত্র বিতরণের চতুর্থ দিন পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ আশানুরূপ নয়। রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত রাকসুর বিভিন্ন পদে মোট ১৬২ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *