বাস থামিয়ে পাঞ্জাবের ৯ যাত্রীকে গুলি করে হত্যা

2 Min Read

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোব ও লোরালাই জেলার সীমান্তবর্তী সুর-দাকাই এলাকায় ভয়াবহ এক সহিংস হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) পাঞ্জাবগামী দুটি যাত্রীবাহী কোচ থামিয়ে কমপক্ষে ৯ জন যাত্রীকে অপহরণ করে পরে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। খবর দিয়েছে ডন।

ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম জানান, নিহত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো রাখনি শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে মরদেহগুলো নিহতদের নিজ নিজ পাঞ্জাবের এলাকায় পাঠানো হবে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিনদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী একই সময়ে কাকাট, মাসতুং এবং সুর-দাকাই এলাকায় হামলা চালিয়েছে। অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।

সূত্র জানায়, এন-৭০ মহাসড়কের পাশে ডাব এলাকায় বাস দুটি থামিয়ে দেয় হামলাকারীরা। তারা সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে এবং পাঞ্জাব প্রদেশের ঠিকানাযুক্ত ১০ জনকে অস্ত্রের মুখে নামিয়ে নেয়।

একজন বেঁচে ফেরা যাত্রী জানান, একটি বাস থেকে সাতজন এবং আরেকটি বাস থেকে তিনজন যাত্রীকে টেনে-হিঁচড়ে নামিয়ে নেওয়া হয়। তিনি বলেন, গাড়ি ছাড়ার সময় গুলির শব্দ শুনেছি, এরপর আর কিছু জানি না। পরে হামলাকারীরা দুই বাসকেই ছেড়ে দেয়।

নিরাপত্তা বাহিনী দ্রুত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। তদন্তে উঠে এসেছে, দুর্বৃত্তরা পরিচয় নিশ্চিত হয়ে শুধু পাঞ্জাবের বাসিন্দাদের লক্ষ্যবস্তু করেছে। অপহরণের সময় পালাতে না পারার জন্য বাসে গুলিও ছোড়া হয়।

পরবর্তীতে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) নামের নিষিদ্ধঘোষিত একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির মুখপাত্র জানান, তারা মুসাখেইল-মাখতার ও খাজুরি এলাকার মাঝামাঝি স্থানে মহাসড়কে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে।

এ ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে এবং পাঞ্জাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *