দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের ঘোষণা দিয়েছেন দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যৌথ বার্তায় তারা জীবনের নতুন অধ্যায় শুরু করার খবর নিশ্চিত করেন। ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘বিরোশ’কেও স্বীকৃতি দিয়েছেন এই জুটি।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হতে পারে। এর আগে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের বিভিন্ন ধর্মীয় ও পারিবারিক আচার। দুই পরিবারের নিজস্ব রীতিনীতি অনুসরণ করে আলাদা আয়োজন রাখা হয়েছে।
নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানের জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অতিথি তালিকাও সীমিত রাখা হয়েছে। বিয়ের ভেন্যুতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রেও আমন্ত্রিত অতিথিদের নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর করতে হয়েছে। পুরো আয়োজন নো ফোন, নো লিক নীতিতে পরিচালিত হবে বলে জানা যায়।
এদিকে, আগামী ৪ মার্চ হায়দরাবাদে বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য সংবর্ধনা আয়োজন করা হতে পারে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত গীতা গোবিন্দাম ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন এই দুই তারকা। পরে ডিয়ার কমরেড ছবিতেও তাদের জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ছিলেন তারা।
