বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার বাজেট সহায়তার অনুমোদন

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

বাংলাদেশের আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে ৫০ কোটি মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা) বাজেট সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে এ নিয়ে বাংলাদেশে সংস্থাটির নতুন প্রতিশ্রুত অর্থায়নের পরিমাণ দাঁড়ালো ৩০৭ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশে বিশ্বব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন এ বিষয়ে বলেন, “সরকারি অর্থ ব্যবস্থাপনার উন্নয়ন বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার তার প্রতিষ্ঠানগুলোকে আরও উন্মুক্ত ও জবাবদিহিমূলক করার সাহসী পদক্ষেপ নিচ্ছে, যাতে তারা জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারে।”

তিনি আরও বলেন, এই অর্থায়ন সরকারের নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করতে সহায়তা করবে, পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে, যার সুফল পাবে দেশের সর্বস্তরের মানুষ।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। এ পর্যন্ত দেশটিকে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও স্বল্পসুদে ঋণ দিয়েছে সংস্থাটি।

এর আগে গত বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন করেছে। ৩০ জুনের আগেই বিশ্বব্যাংক ও এডিবির এই দুই বাজেট সহায়তার অর্থ পাবে বাংলাদেশ। এ ছাড়া আগামী সোমবার (২৩ জুন) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভায় আরও ১৩০ কোটি ডলারের দুটি কিস্তি অনুমোদনের সম্ভাবনা রয়েছে। অনুমোদন হলে দুই সপ্তাহের মধ্যেই অর্থ ছাড় হবে বলে আশা করা হচ্ছে।

সবমিলিয়ে জুন মাসের মধ্যেই প্রায় ১৮০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়ার পথে রয়েছে বাংলাদেশ, যা চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বড় সহায়ক হতে পারে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *