সাভারে স্বর্ণকারকে গাছে বেঁধে হত্যা, একজন আটক

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সাভারের ভাকুর্তা এলাকায় আব্দুল মালেক (৩৫) নামের এক স্বর্ণের গহনা তৈরির কারিগরকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

শনিবার (২১ জুন) বিকেল তিনটার দিকে ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুলের পাশে একটি পরিত্যক্ত টায়ার কারখানার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত আব্দুল মালেক ভাকুর্তার কান্দি এলাকার বাসিন্দা। তিনি ছোলাই মার্কেটের একটি দোকানে স্বর্ণের গহনা তৈরির কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই এলাকায় একটি মরদেহ গাছে ঝুলতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *