ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হুজুর বাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণে আটজন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে মধ্যরাতে দগ্ধ অবস্থায় তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— সাদিয়া আক্তার (১২), রুবাইয়া আক্তার (৯), তুইবা (৬), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), রওজা (১৩) ও আফরিন (১৩)।
দগ্ধ সাদিয়ার বাবা মো. আবু সাঈদ জানান, বুধবার বিকেলে মাদ্রাসার পাশে হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। আগুনের ফুলকি মাদ্রাসার চতুর্থ তলায় ঢুকে পড়লে সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ আটজন শিক্ষার্থী এসেছে। তাদের মধ্যে সাদিয়ার শরীরের ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ এবং আফরিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় ট্রান্সফরমারের কাছ দিয়ে শিক্ষার্থীরা যাতায়াত করছিল। হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয় স্থানীয় বিদ্যুৎ বিভাগ।
