করদাতাদের দীর্ঘদিনের ভ্যাট রিফান্ড–সংক্রান্ত ভোগান্তি কমাতে অনলাইনে সরাসরি ব্যাংক হিসাবে টাকা ফেরতের নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ই-ভ্যাট সিস্টেমে আবেদন করলে অনুমোদনের পর রিফান্ডের অর্থ সরাসরি করদাতার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের আওতাধীন তিনজন করদাতার ব্যাংক হিসাবে মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট রিফান্ড স্থানান্তরের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। এ সময় করদাতাদের প্রতিনিধি এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, কর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল করতে এনবিআর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নে করদাতাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
এনবিআর সূত্র জানায়, বিদ্যমান ই-ভ্যাট সিস্টেমে একটি নতুন রিফান্ড মডিউল যুক্ত করা হয়েছে। এই মডিউল অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস সিস্টেমের সঙ্গে সংযুক্ত এবং বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ডের অর্থ স্থানান্তর করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় করদাতারা মাসিক মূসক (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়ই অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। আবেদন যাচাই ও অনুমোদনের পর কোনো ধরনের কাগজপত্র জমা দেওয়া বা ভ্যাট কার্যালয়ে সরাসরি উপস্থিত থাকার প্রয়োজন ছাড়াই অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।
এনবিআরের কর্মকর্তারা জানান, অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালুর ফলে আবেদন নিষ্পত্তি হবে দ্রুত ও সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায়। এতে একদিকে যেমন করদাতাদের সময় ও খরচ সাশ্রয় হবে, অন্যদিকে ভ্যাট অফিসে বারবার যাতায়াতের ঝামেলাও কমবে।
ভ্যাট রিফান্ড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বা সহায়তার জন্য করদাতাদের নিজ নিজ মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এনবিআর।
