মঠবাড়িয়ায় শক্তির তাণ্ডবে ২ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত

শিবু সাওজাল, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

1 Min Read

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বেড়িবাঁধ ভেঙে ও নদীর পানি বৃদ্ধি পেয়ে অন্তত ২০৩৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি শত শত কাঁচা ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। উপকূলীয় বলেশ্বর নদী তীরবর্তী সাপলেজা, মিরুখালী, বড়মাছুয়া, তুষখালী, খেজুরবাড়িয়া, কাটাখালসহ পৌর শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়।

মাঝেরচরের বাসিন্দা মো. বশির মিয়া জানান, নদীর পানি ৩-৪ ফুট বেড়ে যাওয়ায় বেশ কিছু বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বড়মাছুয়ার ইউপি সদস্য মনিরুজ্জামান পালাশ জানান, বাঁধ ভেঙে ৪-৫ শতাধিক কাঁচা ঘর পানির নিচে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য শুকনো খাবার, চাল-ডাল ও নগদ সহায়তা জরুরি বলে তিনি জানান।

মিরুখালী ইউনিয়নের বাদল কৃষ্ণ হাওলাদার বলেন, লাইনের খালের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা এখন ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের দাবি, স্লুইসগেট নির্মাণ করে এ সমস্যার স্থায়ী সমাধান করা হোক।

উপজেলা প্রকল্প কর্মকর্তা জানিয়েছেন, মাঝেরচরের বেড়িবাঁধের বাইরে ২০-২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বরাদ্দ এলে ত্রাণ দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নাহার সুমি জানান, বাঁধ ভেঙে জোয়ারের পানিতে ২০৩৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পানি নেমে গেলে ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, টানা বৃষ্টিতে উপজেলার ১১টি ইউনিয়নের মানুষ ঘরবন্দি। প্রায় ৬-৭ হাজার খেটে খাওয়া মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *