বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। শিক্ষকদের যুক্তিসঙ্গত আর্থিক সুবিধা, চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করাই বিএনপির অগ্রাধিকার।
শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের যত উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না করা পর্যন্ত কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
তবে তিনি সতর্ক করে বলেন, শিক্ষকদের ন্যায্য আন্দোলনকে ব্যবহার করে যদি পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে বা আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার অপচেষ্টা চালায়, তবে বিএনপি সে ক্ষেত্রে কোনও নমনীয়তা দেখাবে না।
