ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও এ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৪০৭ জন সম্ভাব্য প্রার্থী।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় নির্ধারিত ছিল। পরে রাত সাড়ে আটটার দিকে ইসি থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল সংক্রান্ত সার্বিক তথ্য প্রকাশ করা হয়।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এবং এনআইডির পরিচালক (অপারেশন্স) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে একযোগে মনোনয়নপত্র গ্রহণ ও জমার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর অঞ্চলে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৩৮ জন, যার মধ্যে জমা দিয়েছেন ২৭৮ জন। রাজশাহী অঞ্চলে ৩২৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ২৬০ জন। খুলনা অঞ্চলে ৩৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহের বিপরীতে জমা পড়েছে ২৭৬টি। বরিশাল অঞ্চলে ২১২ জন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১৬৬ জন।
এ ছাড়া ফরিদপুর অঞ্চলে ১৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ১৪২ জন। ঢাকা অঞ্চলে সর্বাধিক ৬৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, এর মধ্যে ৪৪৪ জন তা দাখিল করেছেন। ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৪০২, ১৭৬, ৪৯৬ ও ২৯৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দিয়েছেন ৩১১, ১৪৬, ৩৬৫ ও ১৯৪ জন প্রার্থী।
এখন তফসিল অনুযায়ী পরবর্তী ধাপে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।
