নতুন কোনো চলচ্চিত্রের জন্য নয় এবার সন্তান জোহরান মামদানির জন্য আলোচনায় মীরা নায়ার। তাঁর ছেলে ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে তিনি এ পদে দায়িত্ব নিতে যাচ্ছেন। তার এই বিজয়কে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির বাম ঘরানার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মীরা নায়ারকেও বামঘরানার ভাবধারায় অনুপ্রাণিত বলা যায় তার সিনেমার মূল সুর ছিল মানুষ, তার দৈনন্দিন জীবনসংগ্রাম এবং সামাজিক বাস্তবতার গভীর অন্বেষণ।
ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার বিশ্ব সিনেমায় এক অনন্য নাম। তিনি এমন একজন পরিচালক, যিনি প্রবাসী জীবনের জটিলতা, সামাজিক বৈষম্য, নারীর সংগ্রাম ও দক্ষিণ এশীয় সংস্কৃতির বৈচিত্র্যকে সযত্নে চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন।
১৯৫৭ সালে ভারতের ভুবনেশ্বরে জন্ম নেওয়া মীরা নায়ার পড়াশোনা করেছেন দিল্লির মিরান্ডা হাউস কলেজ এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। হার্ভার্ডে পড়াকালীন তিনি নাট্যচর্চা ও প্রামাণ্যচিত্র নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন। তার নির্মাণযাত্রার শুরুই হয়েছিল তথ্যচিত্র দিয়ে যেখানে তিনি সমাজের প্রান্তিক মানুষের জীবন, শ্রমজীবী নারীর বাস্তবতা এবং সাংস্কৃতিক রূপান্তরের গল্প তুলে ধরেন।
উল্লেখযোগ্য ও বিশ্বজুড়ে আলোচিত সিনেমাগুলো —
সালাম বম্বে!
মীরা নায়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম, যা বোম্বের পথশিশুদের জীবনকে তুলে ধরে। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে Camera d’Or পুরস্কার জেতে এবং অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়। এটি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মানচিত্রে নতুন মর্যাদা এনে দেয়।
মিসিসিপি মাসালা
এই ছবিতে এক আফ্রিকান-আমেরিকান পুরুষ ও উগান্ডা থেকে বিতাড়িত ভারতীয় নারীর প্রেমের গল্প বলা হয়েছে। ডেনজেল ওয়াশিংটন ও সারিতা চৌধুরী অভিনীত এই সিনেমাটি বর্ণবৈষম্য ও প্রবাসী পরিচয়ের দ্বন্দ্বকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে।
মনসুন ওয়েডিং
দিল্লির মধ্যবিত্ত পরিবারের এক বিয়েকে ঘিরে নির্মিত এই সিনেমাটি একদিকে আনন্দঘন, অন্যদিকে সমাজের লুকানো অসংগতি উন্মোচন করে। ছবিটি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন লায়ন জয় করে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয়তা পায়।
দ্য নেমসেক
ঝুম্পা লাহিড়ীর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিবাসী জীবনের টানাপোড়েন ও আত্মপরিচয়ের অনুসন্ধান তুলে ধরা হয়েছে। ইরফান খান ও তাবু’র অসাধারণ অভিনয় এটিকে এক স্থায়ী সাংস্কৃতিক দলিল করে তোলে।
অ্যামেলিয়া
কিংবদন্তি নারী পাইলট অ্যামেলিয়া ইয়ারহার্টের জীবনের ওপর নির্মিত এই বায়োপিকটি মীরা নায়ারের হলিউডে পদচিহ্ন আরও গভীর করে।
কুইন অব কাটওয়ে
উগান্ডার দরিদ্র এক মেয়ের দাবাড়ু হয়ে ওঠার বাস্তব কাহিনি নিয়ে এই সিনেমা মানবিক সম্ভাবনা ও সাহসের উদাহরণ স্থাপন করে।
‘এ সুইটেবল বয়’
মীরা নায়ার পরিচালিত একটি ব্রিটিশ টেলিভিশন ড্রামা মিনি সিরিজ, যা বিক্রম শেঠের ১৯৯৩ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন। স্বাধীনতার পরবর্তী ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে উত্তর ভারতের চারটি পরিবারের জীবনের গল্প একসূত্রে গাঁথা হয়েছে।
এক সাক্ষাৎকারে মীরা নায়ার বলেন, স্বাধীনতা-উত্তর ভারতের সামাজিক বাস্তবতায় নির্মিত ‘এ সুইটেবল বয়’–এর প্রেমকাহিনি শ্রেণি ও সংস্কৃতির সীমানা অতিক্রম করে যায়। তিনি আরও যোগ করেন, আমার সমস্ত কাজই আমাদের প্রকৃত সত্তাকে তুলে ধরার প্রয়াস পাশ্চাত্যের চোখে আমাদের সংস্কৃতিকে তুষ্ট করার প্রচেষ্টা নয়।
সিনেমার বাইরেও জীবনের প্রভাব
চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি মীরা নায়ার একজন সমাজকর্মীও। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘সালাম বোম্বে ফাউন্ডেশন’, যা পথশিশুদের শিক্ষা ও পুনর্বাসনে কাজ করে। শিল্প ও সমাজের প্রতি তার দায়বদ্ধতা তাকে শুধুমাত্র পরিচালক নয়, এক মানবিক চিন্তাশীল স্রষ্টায় পরিণত করেছে।
