ঢাকার মিরপুরে প্রকাশ্যে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মাহমুদুল ইসলামের কাছ থেকে নগদ টাকা ও বিদেশি মুদ্রা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে জাতীয় সুইমিং কমপ্লেক্স এলাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কমপ্লেক্সের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল ইসলাম বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার কোমরের বাঁ পাশে গুলিবিদ্ধ হয় এবং তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান।
পুলিশ জানায়, মাহমুদুল তার শ্যালককে নিয়ে তিনটি ব্যাগে নগদ টাকা ও বিদেশি মুদ্রা নিয়ে বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে জাতীয় সুইমিং কমপ্লেক্স ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে এক রাউন্ড গুলি ছোড়ে এবং ব্যাগগুলো ছিনিয়ে নেয়।
ব্যবসায়ী মাহমুদুল পুলিশের কাছে জানিয়েছেন, তার কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা ছিনতাই হয়েছে।
ঘটনার সময়কার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই অস্ত্রধারীর একজন গুলি ছুড়লে মাহমুদুল রাস্তায় পড়ে যান। পরে এক অস্ত্রধারী একটি মোটরসাইকেলে উঠে পড়ে, যেখানে আরও দুইজন ছিল। অন্য একজনকে সামনের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
