মিরসরাই বেপজায় দেশি-বিদেশি চার প্রতিষ্ঠানের বিনিয়োগ চুক্তি

সবচেয়ে বড় বিনিয়োগ করছে চীনের তাই মা শুজ (বিডি) কোম্পানি, তারা পাঁচ কোটি ৫১ লাখ ডলার বিনিয়োগে জুতা তৈরির কারখানা স্থাপন করবে। এ কারখানায় বছরে ৭০ লাখ জোড়া জুতা উৎপাদিত হবে এবং ৫,৯০০ জনের কর্মসংস্থান হবে।

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে দেশি ও বিদেশি চারটি প্রতিষ্ঠান মোট ১১ কোটি ১৩ লাখ ডলার বিনিয়োগ করবে। বিনিয়োগটি জুতা, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও তৈরি পোশাক খাতের সরঞ্জাম উৎপাদন এবং পণ্য পরীক্ষাগার স্থাপনে করা হবে। এতে সাড়ে সাত হাজারের বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বেপজা জানিয়েছে, চারটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন। এগুলো চীন, সিঙ্গাপুর এবং চীন-সিঙ্গাপুর যৌথ মালিকানাধীন। আর একটি প্রতিষ্ঠান বাংলাদেশের। রাজধানীর গ্রিন রোডে বেপজা কমপ্লেক্সে বুধবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ করছে চীনের তাই মা শুজ (বিডি) কোম্পানি। তারা পাঁচ কোটি ৫১ লাখ ডলার বিনিয়োগে জুতা তৈরির কারখানা স্থাপন করবে। এ কারখানায় বছরে ৭০ লাখ জোড়া জুতা উৎপাদিত হবে এবং ৫,৯০০ জনের কর্মসংস্থান হবে।

সিঙ্গাপুরের বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি আড়াই কোটি ডলার বিনিয়োগে চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে। এটি বছরে তিন কোটি ৬০ লাখ বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন করবে এবং ৫ শতাধিক মানুষের কর্মসংস্থান হবে।

চীন-সিঙ্গাপুর যৌথ মালিকানাধীন অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি দুই কোটি ডলার বিনিয়োগে একটি পণ্য ও কাঁচামালের মান পরীক্ষার সেবামুখী পরীক্ষাগার স্থাপন করবে। এতে ৭৭০ জনের কর্মসংস্থান হবে। বাংলাদেশি প্রতিষ্ঠান র‍্যাপটক্স ইন্ডাস্ট্রিজ এক কোটি ১২ লাখ ডলারে তৈরি পোশাক শিল্পের সরঞ্জাম উৎপাদন করবে। এতে ৪৫৭ জনের কর্মসংস্থান হবে।

নতুন বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের ব্যবসায়িক কার্যক্রমে সার্বক্ষণিক সহায়তা দেওয়া হবে এবং সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে সেবাদান পদ্ধতি আধুনিকায়ন করা হচ্ছে। তিনি নতুন প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নির্মাণকাজ শেষ করে রপ্তানি কার্যক্রম শুরু করার তাগিদ দিয়েছেন।

এছাড়া বেপজার সদস্য মো. আশরাফুল কবীর চীনা বিনিয়োগকারীদের আগামী যশোর ও পটুয়াখালী ইপিজেডকে বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনার আহ্বান জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *