মুন্সীগঞ্জের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন আরিফের চাচাতো ভাই ইমরান। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরিফ ও তার অনুসারীদের দীর্ঘদিনের বিরোধ চলছিল এলাকার বিএনপি নেতাদের অনুসারীদের সঙ্গে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে আরিফ ও ইমরান যখন তাদের বাড়ির সামনে ছিলেন, তখন শাহ কামালের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এতে আরিফ ঘটনাস্থলেই নিহত হন, আর ইমরান গুরুতর আহত হন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, আরিফ হাসপাতালে আসার আগেই মারা যান। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত আরিফের গ্রুপের সাথে ওই এলাকার বিএনপি নেতা আতিক মল্লিক, ওহিদ মোল্লা ও তাদের অনুসারীদের দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই সোমবারের এই হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির জানান, দুই পক্ষই স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে পূর্বেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, আধিপত্য বিস্তার বা অন্য কোনো কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ অভিযানে নেমে সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।
