মেজর সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে ছয়জন আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার মামলার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার, মো. আসাদ উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল গিয়াসউদ্দিন গাজিসহ একাধিক রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ঘটনাটি ঘটে ২০২০ সালের ৩১ জুলাই রাতে। কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশ গুলি চালিয়ে মেজর সিনহাকে হত্যা করে। এই ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বাকি সাতজনকে খালাস দেওয়া হয়।

হাইকোর্টে ডেথ রেফারেন্স অনুমোদনের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিদের করা আপিল ও জেল আপিলের শুনানি শেষে বিচারিক আদালতের রায় বহাল রাখা হলো।

মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের বরখাস্তকৃত উপ-পরিদর্শক নন্দ দুলাল রক্ষিত, এসআই সাগর দেব, রুবেল শর্মা এবং পুলিশের মামলার সাক্ষী নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

এই রায়ের মধ্য দিয়ে দেশের আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *