গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুই ভাই। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭)। তারা সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান, রাতে শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে খাগাইল গ্রামের বাড়ি ফিরছিলেন দুই ভাই। ডুমদিয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল আমিন খান নিহত হন। গুরুতর আহত রুহুল আমিন খানকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
