যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৮ হাজার ৩৪৫ জন

এম.এইচ উজ্জল, যশোর :

2 Min Read

আগামী ২৬ জুন থেকে সারাদেশে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। তবে যশোর শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী কমেছে ৮ হাজার ৩৪৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। তবে তিনি পরীক্ষার্থী হ্রাসের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর যশোর শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৪ হাজার ৬৬২ জন। পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত শিক্ষার্থী ৮৬ হাজার ২০৮ জন এবং অনিয়মিত ২৫ হাজার ৮৪২ জন।

বিজ্ঞানে অংশ নিচ্ছে ২২ হাজার ৭৭ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ৪৭৬ জন এবং ব্যবসায় শিক্ষায় ১২ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থী। খুলনার ৪৬ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ২৩ হাজার ৪০৮ জন, বাগেরহাটে ২১ কেন্দ্রে ৮ হাজার ৫৪২ জন, সাতক্ষীরায় ২৩ কেন্দ্রে ১২ হাজার ১১৫ জন, কুষ্টিয়ায় ২৩ কেন্দ্রে ১৫ হাজার ৪০৭ জন, চুয়াডাঙ্গায় ১২ কেন্দ্রে ৭ হাজার ৬৩৯ জন, মেহেরপুরে ৭ কেন্দ্রে ৪ হাজার ১৬৭ জন, যশোরে ৫০ কেন্দ্রে ১৯ হাজার ৭৩ জন, নড়াইলে ১১ কেন্দ্রে ৪ হাজার ৭০২ জন, ঝিনাইদহে ২৭ কেন্দ্রে ১৪ হাজার ৮৪০ জন এবং মাগুরায় ২০ কেন্দ্রে ৬ হাজার ৪২৪ জন শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক ড. আব্দুল মতিন বলেন, কেন পরীক্ষার্থী কমেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি বিশ্লেষণ করে বোঝা যাবে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, পরীক্ষার্থী হ্রাসের পেছনে বিভিন্ন সামাজিক ও শিক্ষাগত কারণ, যেমন শিক্ষা থেকে ঝরে পড়া, বিদেশে পড়াশোনার আগ্রহ কিংবা কোভিড-পরবর্তী সেশনজট প্রভাব ফেলতে পারে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *