বরিশালের গৌরনদীতে চাঁদা দিয়েও রক্ষা পাননি ইউপি সদস্য, যুবদল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বরিশাল ব্যুরো:

2 Min Read

বরিশালের গৌরনদীতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আতাহার মাতুব্বর নামে এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে কথিত যুবদল কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে। তার দাবি— কথিত যুবদল কর্মীরা গত কয়েক মাস ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দিলে তারা প্রাণনাশের হুমকিও দিয়েছিল। এরপর প্রাণ বাঁচাতে তিনি আড়াই লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য হামলা থেকে রেহাই পাননি।
শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর বাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার আতাহার মাতুব্বর সরিকল ইউনিয়ন পরিষদের সদস্য এবং সাহেবের চর গ্রামের বাসিন্দা।

আহত ইউপি সদস্য আতাহার মাতুব্বর অভিযোগ করে বলেন, গত কয়েক মাস ধরে যুবদল কর্মী ওসমান হাওলাদার ও তার সহযোগীরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা। নিরুপায় হয়ে সম্প্রতি তিনি আড়াই লাখ টাকা চাঁদা দেন। এরপরও বাকি টাকার জন্য তারা চাপ প্রয়োগ করতে থাকে।

তিনি আরও বলেন, শনিবার সকালে তিনি সাহেবের চর বাজারে নিজের দোকানে বসে ছিলেন। এ সময় ওসমান হাওলাদার তাকে দোকান থেকে ডেকে পাশের আবু বকরের ভাতের হোটেলে নিয়ে যান। সেখানে নিয়ে চাঁদার বাকি টাকা না দেয়ায় ওসমান ও তার সহযোগী রাকিব রাঢ়ী, রাসেল হোসেন, টিপু রাঢ়ী, আবু বকর ও সাগর মিলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
তবে চাঁদা দাবি ও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে যুবদল কর্মী ওসমান হাওলাদার বলেন, পূর্বশত্রুতার জের ধরে ইউপি সদস্য আতাহারের ওপর কে বা কারা হামলা চালিয়েছে, বলে শুনেছি। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *