সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

মোংলা প্রতিনিধি :

1 Min Read

সুন্দরবনে সাঁড়াশি অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক সোহেল হোসেন মিঠুর (৩৭) কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ।

সোমবার (২৩ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটক সোহেল হোসেন খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে মোংলা কোস্ট গার্ডের একটি বিশেষ টিম সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে করিম শরীফ ডাকাত দলের হয়ে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ এবং বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে জড়িত ছিল।

কোস্ট গার্ড জানায়, এসব সাঁড়াশি অভিযানের মাধ্যমে সুন্দরবন অঞ্চল ক্রমেই জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এতে উপকূলীয় জেলে ও স্থানীয় বাসিন্দারা নিরাপদে তাদের জীবন-জীবিকা পরিচালনা করতে পারছেন।

উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টা টহল ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *