মধ্যপ্রাচ্যের চার দেশের আকাশসীমা সাময়িক বন্ধ, প্রবাসীদের যাত্রা অনিশ্চয়তায়

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

চলমান আন্তর্জাতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের চারটি দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন –  সাময়িকভাবে তাদের আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ সিদ্ধান্তের ফলে ঢাকা থেকে সরাসরি বা ট্রানজিট ফ্লাইটে এসব দেশে যাত্রা করতে গিয়ে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার ফলে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন হয়ে চলাচলকারী সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি সহানুভূতি জানিয়ে অনুরোধ করেছে, যাঁদের ভ্রমণ পরিকল্পনায় কাতার, আমিরাত, কুয়েত বা বাহরাইনের যেকোনো গন্তব্য রয়েছে, তাঁরা যেন জরুরিভিত্তিতে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করেন। সময়সূচি পুনর্নির্ধারণ ও বিকল্প ব্যবস্থা গ্রহণে এটি জরুরি বলেও জানানো হয়।

ঢাকা থেকে উল্লিখিত দেশগুলোর বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা, ফ্লাই দুবাই, এমিরেটস, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ার এবং কাতার এয়ারওয়েজ। আকাশসীমা বন্ধ থাকায় এসব ফ্লাইটের যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন এবং অনেকে ফ্লাইট বাতিল ও গন্তব্য পরিবর্তনের কারণে চরম দুর্ভোগে রয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতির কোনো অগ্রগতি বা নতুন নির্দেশনা পেলে তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার পাশাপাশি যাচাই-বাছাই করে যাত্রা পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে।

এ নিষেধাজ্ঞার ফলে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মধ্যপ্রাচ্যমুখী প্রবাসী যাত্রীর ভ্রমণ ব্যাহত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ঈদের পর কর্মস্থলে ফেরার প্রস্তুতি নেওয়া অনেকেই এখন দিশেহারা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *