যেভাবে আবেদন করবেন ১৩তম গ্রেডের সহকারী শিক্ষক পদে

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের আবেদন আগামী শনিবার (৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে ২১ নভেম্বর পর্যন্ত। প্রথম ধাপে ছয়টি বিভাগে মোট ১০,২১৯টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
সহকারী শিক্ষক পদ ১৩তম গ্রেডে এবং জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা। ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ (৪ স্কেলে ২.২৫ বা ৫ স্কেলে ২.৮) সহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে। তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

আবেদন সংক্রান্ত শর্তাবলী
বিবাহিত নারী প্রার্থীরা স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। ভুয়া বা অসম্পূর্ণ তথ্যযুক্ত আবেদন বাতিলযোগ্য। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগের পর প্রমাণিত হলে আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থীকে নিজ জেলা, উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক নিয়োগ দেওয়া হবে। ভুল জেলা বা উপজেলা উল্লেখ করলে প্রার্থিতা বাতিল হবে। নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নিজ উপজেলার বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হবে। ধূমপান বা মাদক সেবনের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

পরীক্ষার পদ্ধতি
নতুন বিধিমালা অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর: বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ২০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) ২০। মোট ৯০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মধ্যে ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পাস নম্বর লিখিত পরীক্ষায় ৪৫ এবং মৌখিক পরীক্ষায় ৫। লিখিত পরীক্ষার জন্য ৯০ মিনিট সময় নির্ধারিত।

আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১১২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)। আবেদন সময়সীমা ৮ নভেম্বর সকাল ১০টা থেকে ২১ নভেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *