বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাঁদের সংসারে নতুন অতিথির আগমনের সুখবর জানিয়েছেন। পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন এই আলোচিত জুটি।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। এরপর ইনস্টাগ্রামে সুখবরটি শেয়ার করেন ভিকি কৌশল।
ভিকি তাঁর পোস্টে লেখেন, আমাদের জীবনে এক নতুন আনন্দের আগমন ঘটেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।
খবরটি প্রকাশের পরই বলিউডের সহকর্মী ও বন্ধু তারকারা অভিনন্দন বার্তায় ভাসিয়ে দেন নবদম্পতিকে।
এর আগে, গত সেপ্টেম্বরে ক্যাটরিনা ও ভিকি জানিয়েছিলেন তাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। যদিও এর আগেই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে বলিউড মহলে চলছিল নানা জল্পনা।
এক সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেছিলেন, বাবা হওয়া একটা আশীর্বাদ, আমি সেই মুহূর্তের অপেক্ষায় আছি।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সাড়ে তিন বছর পর তাদের সংসারে এলো নতুন সদস্য।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা প্রাসাদে রাজকীয় আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের কিছু সহকর্মী।
