মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় নিহত ২, আহত অন্তত ৬

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি - সংগৃহীত।

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি সীমানা প্রাচীর ধসে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের অংশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীরসংলগ্ন স্থানে নিয়মিত টিসিবির পণ্য বিতরণ করা হয়। প্রতিদিনের মতো মঙ্গলবারও ভোর থেকেই নিম্নআয়ের মানুষ সেখানে লাইনে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে হঠাৎ করেই সীমানা প্রাচীরটি ধসে পড়ে। এতে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নাছিমা বেগম। অপর নিহত ব্যক্তি একজন পুরুষ। তাঁর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেয়াল ধসের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার কারণ এবং সীমানা প্রাচীরটি কীভাবে ধসে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *