যশোরে দুদিনের ব্যবধানে আবারও বিএনপি কর্মী খুন

যশোর প্রতিনিধি :

2 Min Read

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে মো. লিটন হোসেন ওরফে কানা লিটন (৩৫) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় আবু তাহেরের মুদি দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিটন ওই গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লিটনের সঙ্গে একই এলাকার কয়েকজনের পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ দীর্ঘদিনের। পূর্বেও তাকে হুমকি ও মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঈদের আগের দিন সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে তার কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

ঘটনার দিন রাতে লিটন একা দোকানের সামনে বসে ছিলেন। সে সময় একটি সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়দের অভিযোগ, হামলায় সরাসরি জড়িত ছিলেন আব্দুল মমিন (৫৫), তার ছেলে সেলিম হোসেন (৩৫) এবং রমজান আলী (৩৫)। তাদের সঙ্গে আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিল। হামলার পরপরই তারা পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা লিটনকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, ‘নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্বশত্রুতার জেরে সেলিম ও রমজানসহ ৩/৪ জন সন্ত্রাসী লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

- Advertisement -

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *