নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে তিনি হার্ট অ্যাটাক করেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব জানান, অসুস্থ অবস্থায় মান্নাকে দ্রুত রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
দলীয় সূত্র জানায়, এর আগেও তিনি একাধিকবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর মাসে হার্ট অ্যাটাকের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নাগরিক ঐক্যের পক্ষ থেকে সে সময় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাবন্দি অবস্থায় প্রথমবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন মান্না। তখন চিকিৎসকদের পরীক্ষায় তার হৃদ্যন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে।
বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
