আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ নোটিশ

পটুয়াখালী প্রতিনিধি :

2 Min Read

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। বরিশাল নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ সাব্বির খালিদ এ নোটিশ দেন।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে এ আসনে সমর্থন দিয়েছে বিএনপি। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বিদ্রোহী নেতা হাসান মামুন।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণার সময় নুরুল হক নুর নিয়মিতভাবে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এসব কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৫(ক) এবং ১৬(গ)(ছ) বিধি লঙ্ঘনের শামিল বলে অভিযোগ আনা হয়েছে।

এছাড়া নোটিশে আরও বলা হয়, গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে চরবোরহানের পাগলা বাজারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিসে ভাঙচুর ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনায় নুরুল হক নুরের অনুসারী কর্মী-সমর্থকরা জড়িত ছিলেন, যা আচরণ বিধিমালার ৬(ক) ধারার পরিপন্থি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন নুরুল হক নুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় দশমিনায় অবস্থিত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নুরুল হক নুরের সাড়া পাওয়া যায়নি। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, শোকজ নোটিশটি তারা পেয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট প্রার্থীকে অবহিত করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *