কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড়া সড়কের গাঙপাড় ব্রিজসংলগ্ন এলাকায় সড়কের ওপর টাঙানো শাপলাকলি প্রতীকের একাধিক নির্বাচনী ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময় আশপাশের আরও কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে আমাদের প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন। দ্রুত জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।
ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
