লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজের ভোট প্রদান করে নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকালে শহরের লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোট দেন তিনি।
ভোট শেষে সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটতে যাচ্ছে এই নির্বাচনের মাধ্যমে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এমন পরিবেশ অব্যাহত থাকলে উৎসবমুখর অংশগ্রহণের মাধ্যমে শতভাগ বিজয় অর্জন সম্ভব হবে।
একই সময়ে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম চৌপল্লী কালীদাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনিও ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৪৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি পুরুষদের তুলনায় বেশি লক্ষ্য করা গেছে।
চারটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন।
