জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, পদযাত্রা, আলোচনা সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কফিন মিছিল, ফুটবল টুর্নামেন্ট এবং শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়।
সোমবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এ সময় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, রাজনৈতিক পরিষদের সদস্য আকরাম হুসাইনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। একই দিনে ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর সংহতি সভা অনুষ্ঠিত হবে এবং উপজেলা পর্যায়ে ‘বিচার ও গণভোট বাস্তবায়ন’ দাবিতে মাসব্যাপী পদযাত্রার রূপরেখা ঘোষণা করা হবে।
২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াললিখন, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করা হবে। ৫ থেকে ৯ জুলাই আয়োজন করা হবে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।
এ ছাড়া পুরো মাসজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানে নারী, কৃষক, শিক্ষার্থী, চিকিৎসক, শ্রমিক, উদ্যোক্তা, শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব কনভেনশনের আয়োজন করা হয়েছে।
১৬ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল এবং ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে ‘দেশপ্রেমের ইউনিফর্ম’, ‘সংবাদে গণ-অভ্যুত্থান’, ‘জুলাইয়ের দ্রোহযাত্রা’, গণ-অভ্যুত্থান স্মরণিকা প্রকাশ, ‘জনতার এক দফা’, শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় এবং ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে হাসনাত আবদুল্লাহকে এবং সদস্যসচিব করা হয়েছে দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে। কমিটিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের পাশাপাশি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশেও প্রবাসীদের অংশগ্রহণে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনা। তবে তাঁর দাবি, বর্তমান সরকার গণভোট বাস্তবায়নের প্রশ্নে আগের অবস্থান থেকে সরে এসেছে। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের বর্ষপূর্তি সামনে থাকলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
