দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা সরোয়ার আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্পিকার তাঁকে শপথবাক্য পাঠ করান। পরে সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন সরোয়ার আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাঁর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন। তবে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করে।
পরে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। এ আদেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপিল বিভাগে আবেদন করলেও আদালত তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি বহাল রাখেন। তবে ঋণসংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসনটির ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সরোয়ার আলমগীর জয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তাঁর গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত ছিল।
সম্প্রতি উচ্চ আদালতের রায়ে তাঁর প্রার্থিতা ও নির্বাচনের ফল বৈধ ঘোষণা করা হলে শপথ গ্রহণের আইনি বাধা দূর হয়। এর পরই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন।
শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
