রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে শনিবার তার নিজ জেলা পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার দুপুর ১টায় তিনি ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারে রওনা হয়ে দুপুর ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। পরে বিকেল ২টায় পাবনা সার্কিট হাউজে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।
রোববার সকাল ১১টা ১০ মিনিটে তিনি পাবনা সদর উপজেলার আরিফপুর গোরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত যাপন করবেন।
সোমবার সকাল ১১টায় তিনি ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যায় পাবনা শহরে নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে রাত ৯টায় আবার সার্কিট হাউজে ফিরবেন।
সফরের শেষ দিন মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে ঢাকার বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন।
এর আগে, গত বছরের ৮ নভেম্বর দুই দিনের সফরে পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, যা জুলাই গণঅভ্যুত্থান-এর পর তার প্রথম সফর ছিল।
