সারজিসকে আইনি নোটিস, ২ ঘণ্টায় নিঃশর্ত ক্ষমার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা দিতে করা একটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তার ওই মন্তব্যকে আদালত অবমাননাকর আখ্যা দিয়ে শনিবার তাকে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দীন।

নোটিসে বলা হয়েছে, সারজিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন— ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’ এ ধরনের মন্তব্য সরাসরি আদালতের মর্যাদা ক্ষুণ্ন করে। এজন্য নোটিসপ্রাপ্তির ২ ঘণ্টার মধ্যে সারজিসকে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেয়।

এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। কিন্তু ১৪ মে এক রিট আবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ ইশরাকের শপথগ্রহণ ঠেকাতে উচ্চ আদালতের হস্তক্ষেপ চান।

একই দিন, ইশরাকপন্থিরা নগর ভবনে আন্দোলন শুরু করলে কার্যত অচল হয়ে পড়ে স্থানীয় সরকার দপ্তরের কার্যক্রম। তবে ‘আইনি জটিলতা’র কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকে।

এ নিয়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন ইশরাক। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগও দাবি করেন তিনি। সমর্থকরাও একই দাবি জানান।

১৮ মে, হাইকোর্ট মামলাটি খারিজ করে দেয়। এরপরই সারজিস আলম তার সমালোচনামূলক পোস্টটি দেন, যার ভিত্তিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়।

তবে ওই দিন বিকালেই ইশরাক ৪৮ ঘণ্টার সময় বেঁধে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

- Advertisement -

শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শপথ কেবল একটি আনুষ্ঠানিকতা। আমি ‘জনতার মেয়র’ হিসেবে দায়িত্ব পালন শুরু করছি। আগামী কোরবানির ঈদের আগে বর্জ্য ব্যবস্থাপনায় পূর্ণ প্রস্তুতির উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও জানান, উত্তরে মেয়র না আসা পর্যন্ত প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের কাজে সহায়তা করবেন তিনি। দক্ষিণ সিটিতে সাবেক কাউন্সিলর ও নির্বাচনের প্রার্থীদের নিয়ে গঠিত একটি জোনভিত্তিক মনিটরিং টিম অনুমোদনেরও ঘোষণা দেন ইশরাক।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *