শপথ পড়াবেন রাষ্ট্রপতি, দেশি বিদেশি হাজারাধিক অতিথি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ছবি- সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সঙ্গে সঙ্গে আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি ত্বরান্বিত হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অনুষ্ঠানে কমবেশি ১ হাজার ২০০ দেশি–বিদেশি অতিথি অংশ নিতে পারেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন।

বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিরা ঢাকায় উপস্থিত থাকবেন।

এছাড়া যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও অনুষ্ঠানে অংশ নেবেন।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় অর্জন করে। দলটি এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। শরিক দলগুলোসহ বিএনপি জোটের আসন ২১২, এবং ফল ঘোষণায় স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থী এগিয়ে আছেন। প্রায় দুই যুগ পর আবার সরকার গঠন করছে বিএনপি।

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের সময়সূচি জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, আর বিকেল চারটায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সংসদীয় দলের নেতা নির্বাচনের কাজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে সম্পন্ন হতে পারে।

শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, তিন বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও কূটনীতিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি অংশ নেবেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা ও মালদ্বীপের পক্ষ থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

- Advertisement -

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

এতে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান অন্তর্ভুক্ত। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই দিনে অনুষ্ঠিত ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিটে অংশগ্রহণ করবেন বলে লোকসভা স্পিকারকে প্রতিনিধিত্ব করার জন্য বলা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *