চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি নেতা এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চট্টগ্রাম-৮ আসনে দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক।
বুধবার বিকেল সোয়া ৫টায় পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পাওয়ার পর ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগের সময় এরশাদ উল্লাহকে লক্ষ্য করে গুলি করা হয়। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
কারা গুলি চালিয়েছে তা এখনো জানা যায়নি। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন এবং বলেছেন, হাসপাতালে গিয়ে এরশাদ উল্লাহর অবস্থা যাচাই করা হচ্ছে।
সমর্থকরা জানান, হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ও চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
