২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ওই দিন ঢাকায় ৩২ জন নিহত হন, যাদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে অনেকের হয়নি। পরদিন ৬ মে নারায়ণগঞ্জে নিহত ২০ জনের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে। একই দিনে চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত হন।
তিনি জানান, সব মিলিয়ে ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে এবং প্রত্যেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, মামলার তদন্ত প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম এ মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তিনি।
মো. আমিনুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলার জন্য পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া গেছে।
এদিকে, এই ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ সাবেক সামরিক ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি গণজাগরণ মঞ্চের একজন নেতাকেও আসামি করা হয়েছে।
