শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু আটক

আন্তর্জাতিক ডেস্ক :

2 Min Read

শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। শনিবার ব্যাংকক থেকে ফেরার পর তাদের আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শুল্ক বিভাগের মুখপাত্র জানান, আটক ব্যক্তিদের অধিকাংশই বিভিন্ন মন্দিরে প্রশিক্ষণরত তরুণ ভিক্ষু। চার দিনের ব্যাংকক সফর শেষে ফেরার সময় তাদের লাগেজে ‘কুশ’ নামের শক্তিশালী গাঁজা পাওয়া যায়। প্রতিটি লাগেজে গোপন কুঠুরি তৈরি করে প্রায় পাঁচ কেজি করে মাদক বহন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিক্ষুদের এই ভ্রমণ একটি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের ভেতরে আটক ভিক্ষুদের মুখ ঢাকার চেষ্টা করতে দেখা যায়। পরে রবিবার তাদের আদালতে হাজির করা হয়।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শ্রীলঙ্কার কোনো বিমানবন্দরে এটি মাদক উদ্ধারের সবচেয়ে বড় ঘটনা। জব্দ করা গাঁজার বাজারমূল্য প্রায় ১১০ কোটি রুপি (প্রায় ২৫ লাখ পাউন্ড)।

স্থানীয় গণমাধ্যম ডেইলি নিউজ জানিয়েছে, আটক ভিক্ষুরা ব্যাংককে অবস্থানকালে সাধারণ পোশাকে ভ্রমণ ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন বলে কিছু ছবি পাওয়া গেছে।

এ ঘটনায় কলম্বোর উপকণ্ঠ থেকে আরও একজন ভিক্ষুকে আটক করা হয়েছে। পুলিশ ধারণা করছে, তিনি পুরো ভ্রমণের আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নাকি ভিক্ষুদের বলেছিলেন, লাগেজে থাকা সামগ্রীগুলো অনুদান এবং পরে একটি ভ্যান তা সংগ্রহ করবে।

এর আগে গত বছরের মে মাসে একই বিমানবন্দরে ৪৬ কেজি মাদকসহ এক ব্রিটিশ তরুণীকে আটক করা হয়েছিল, যা ওই সময় আলোচনার জন্ম দেয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *