শ্রীলঙ্কার শক্ত ভিত, সিরিজে ফেরার চাপে বাংলাদেশ

2 Min Read

কলম্বোয় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটিও ছিল বাংলাদেশের জন্য হতাশার, প্রথম দিনের ব্যর্থতার ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও সুবিধা করতে পারেনি সফরকারীরা।

প্রথম ইনিংসে ২২০/৮ থেকে ব্যাটিং শুরু করে বাংলাদেশ, কিন্তু শেষ দুই উইকেটে যোগ হয় মাত্র ২৭ রান। অসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো ও সোনাল দিনুশার ধারাবাহিক বোলিংয়ে ২৪৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

জবাবে ব্যাট হাতে জবাব দেয় স্বাগতিক শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে লাহিরু উদারাকে নিয়ে ৮৮ রানের পার্টনারশিপ গড়েন পাথুম নিশাঙ্কা। উদারাকে (৪০) এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

কিন্তু এরপর ব্যাটে-বলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের বিশাল জুটি গড়ে দলকে দৃঢ় ভিত্তি এনে দেন তারা। ২৩৮ বল খেলে ১৮ চারসহ ১৪৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন নিশাঙ্কা টেস্ট সিরিজে এটি তার টানা দ্বিতীয় সেঞ্চুরি।

চান্দিমালও সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন, কিন্তু দিনের একেবারে শেষ মুহূর্তে রিভার্স সুইপ করতে গিয়ে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন ৯৩ রানে।

বাংলাদেশের হয়ে দিনের একমাত্র সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তবে স্পিন আক্রমণ প্রত্যাশামতো কার্যকর ছিল না। দিন যত গড়িয়েছে, পিচ আরও ব্যাটিং সহায়ক হয়ে উঠেছে, আর শ্রীলঙ্কার ব্যাটাররাও ছিলেন আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত।

দিন শেষে ৭৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২৯০/২, হাতে রয়েছে ৮ উইকেট, লিড ৪৩ রানের।

সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় দিনে বাংলাদেশের বোলারদের ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নেই। নাহলে এই টেস্ট এবং সিরিজের ফল খুব দ্রুতই শ্রীলঙ্কার অনুকূলে চলে যেতে পারে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *