সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে সরকারি সংস্থা তিতাস গ্যাস। ১৫ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে এ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতি প্রদান করে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস সোমবার (২০ এপ্রিল) এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির পক্ষ থেকে বিষয়টি প্রকাশ করা হয়। কোম্পানিটি জানায়, গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা (ইজিএম)-এ শেয়ারধারীরা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর অনুমোদন দেন। পরবর্তীতে শেয়ারধারীদের সম্মতির ভিত্তিতে চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কাছে আবেদন করা হয়। বিএসইসি ১৫ এপ্রিল এ বিষয়ে সম্মতি প্রদান করে। ফলে অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটির আর কোনো অতিরিক্ত অনুমোদন প্রয়োজন হবে না।
তিতাস গ্যাস জানিয়েছে, কোম্পানিটি সরকারের অনুকূলে নতুন করে মোট ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ১০ টাকা। শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে এই শেয়ার ইস্যু করা হবে। ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৯৮৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ৯৮ কোটি ৯২ লাখ ২১ হাজার ৮৩১। এর মধ্যে সরকারের হাতে রয়েছে ৭৫ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ১৪ দশমিক ৯৫ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক শূন্য ৩ শতাংশ বিদেশি ও ১০ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটি শেয়ারধারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য বর্তমানে ১৭ টাকা। গত অক্টোবর–ডিসেম্বর প্রান্তিক শেষে কোম্পানিটি ১৪২ কোটি টাকা লোকসান করেছে।
