বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে আগামী ৬০ দিন পর্যন্ত সারা দেশে এসব কর্মকর্তা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে গত ৩০ সেপ্টেম্বর দুই মাসের জন্য সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরবর্তীতে তা কয়েক ধাপে বাড়ানো হয়।
সর্বশেষ এবার আরও দুই মাস বাড়ানো হলো। প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তা ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ অনুযায়ী অপরাধ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।
