সাম্য হত্যায় গ্রেফতার আরো পাঁচজন

ঢাবি প্রতিনিধি :

2 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। সোমবার (২৬ মে) ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান তিন আসামিকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন—সোহাগ, হৃদয় ইসলাম ও রবিন। এদিন একই মামলায় গ্রেপ্তার সুজন সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই মামলায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মো. রিপন নামের আরেক আসামি একই দিন ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমানের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহবাগ থানার আদালত প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সোহাগ, হৃদয়, রবিন ও রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন বংশাল থানার আগামাসী লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুজন সরকারকে।

গত ১৩ মে দিবাগত রাতে রাজধানীর গ্রিনরোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও সম্রাট মল্লিক (২৮)-কে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়। ১৭ মে তাদের প্রত্যেককে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় এবং পরে ২৩ মে আদালত আবারও তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৩ মে রাত ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার আলম সাম্য ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়।

ঘটনার রাতেই রাজাবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *