ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ ছয় ধরনের জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় ২০২৫–২৬ অর্থবছরের চতুর্থ কিস্তিতে ৪৯ কোটি ৪৪ লাখ টাকার বেশি বরাদ্দ দিয়েছে সরকার।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই অর্থ দেশের ৬৩ জেলার ৯ হাজার ৮৮৯ জন রোগীর মধ্যে বিতরণ করা হবে।
সমাজসেবা অধিদপ্তরের এক আদেশে জানানো হয়, এপ্রিল থেকে জুন মেয়াদের জন্য এই অর্থ ছাড় করা হয়েছে। নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে দ্রুত উপকারভোগীদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেক দরিদ্র পরিবার আর্থিক সংকটে পড়ে। এ সহায়তা তাদের চিকিৎসা চালিয়ে যেতে কিছুটা স্বস্তি দেবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। দ্রুত অর্থ ছাড় ও বিতরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
জেলা ভিত্তিক বরাদ্দে চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে সবচেয়ে বেশি অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও রোগীর সংখ্যা অনুযায়ী অর্থ বণ্টন করা হয়েছে।
কর্মকর্তারা জানান, কয়েক বছর ধরে এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে ক্যান্সার ও কিডনি রোগের মতো ব্যয়বহুল চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বরাদ্দকৃত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে ব্যয় করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় না হলে অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
