ঢাকায় হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়েরের আবেদন করা মামলাটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করেছেন আদালত। সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে আনা অভিযোগে মামলা নেওয়ার মতো উপাদান পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন বিচারক।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন। পরে তা খারিজ করা হয়।
মামলার আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান, সাবেক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফরকে আসামি করার আবেদন করা হয়।
আবেদনে অভিযোগ করা হয়, দায়িত্বে অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে দেশে হামের প্রকোপ বেড়ে যায়, যার ফলে বহু শিশুর মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটে। এতে রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করা হয়।
এতে আরও বলা হয়, পূর্ববর্তী সময়ের মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে টিকা আমদানির প্রক্রিয়া অব্যাহত না রেখে নতুন প্রক্রিয়ায় যাওয়ার ফলে টিকা সরবরাহে বিলম্ব ঘটে। এতে নির্ধারিত সময়ে অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হয় এবং সংক্রমণ পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
তবে আদালত প্রাথমিকভাবে এসব অভিযোগকে মামলা হিসেবে গ্রহণের মতো পর্যাপ্ত ভিত্তি নেই বলে মনে করেন। ফলে আবেদনটি খারিজ করা হয়েছে।
