রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এ সংক্রান্ত আবেদন আদালতে উপস্থাপন করেন। আবেদনে উল্লেখ করা হয়, খায়রুজ্জামান লিটন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব লেনদেন সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের সঙ্গে সম্পৃক্ত, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২ (শ) ধারার আওতাভুক্ত অপরাধ।
আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অপরাধ থেকে অর্জিত অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন এবং ভোগ-বিলাসে ব্যবহারের প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং অভিযুক্তরা যেন ব্যাংক হিসাবে থাকা অর্থ উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করতে না পারেন, সে লক্ষ্যে ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরে আদালতের কাছে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ মার্চ আদালত খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
