সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে ব্যক্তিগত গাড়িতে রওনা হয়ে রাত ১২টা ২৫ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা করতে খালেদা জিয়া রাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার মেডিকেল বোর্ড পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবে।”
এর আগে গত ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
