বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণের ঘটনায় সংঘর্ষের জেরে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম (৩০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনা সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর আগরপুর হালিমা মান্নান হাসপাতালের সামনে ঘটে। বাবুগঞ্জের আগরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রবিউল ইসলাম আগরপুর গ্রামের হাওলাদার বাড়ির মিজানুর রহমান হাওলাদার দুলালের ছেলে। তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আউয়াল হোসেন ধারালো ছুরি দিয়ে রবিউলকে আঘাত করেন। গুরুতর আহত রবিউলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
স্থানীয়রা জানান, রবিউলের মৃত্যু এমন সময় ঘটেছে যখন জাহাঙ্গীরনগর ইউনিয়নে ছাত্রদল নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষিতে মিষ্টি বিতরণ করছিলেন। এই বিতরণকে কেন্দ্র করে রবিউল ইসলাম ও আউয়াল হোসেন, মো. রাসেল এবং মো. শাকিলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
অন্যদিকে, জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ দাবি করেছেন, রবিউলের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছিল। পূর্ব শত্রুতার জের ধরে আউয়ালসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রবিউলকে কুপিয়ে গুরুতর আহত করে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুতে রূপ নেয়।
