খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ মে) শিক্ষা মন্ত্রণালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে কুয়েটের উপ-রেজিস্ট্রার আবদুর রহমান নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক হযরত আলীকে গত ১ মে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে মাত্র ২২ দিনের মাথায় পদত্যাগের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে শিক্ষাঙ্গনে।
জানা গেছে, উপাচার্য হিসেবে যোগদানের পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়েন হযরত আলী। গত ১৯ মে তিনি ‘দাপ্তরিক কাজে’ ঢাকায় যাওয়ার কথা বলে ক্যাম্পাস ত্যাগ করেন। এরপর আজ পদত্যাগ করেন তিনি।
এর আগে, আজ বেলা সাড়ে ১১টায় কুয়েট ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। তারা উপাচার্যের পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগের দাবি জানান। শিক্ষার্থীদের একটি দলও মানববন্ধনে সংহতি প্রকাশ করে।
প্রসঙ্গত, চলমান অস্থিরতার প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়। এরপরই হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তার পদত্যাগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
